উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : মদ্যপ অবস্থায় সরকারি দফতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বিডিও সহ কর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো জয়নগর থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় জয়নগর এক নম্বর ব্লকের বহড়ু বিডিও অফিসে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অফিস চলাকালীন দুই যুবক মদ্যপ অবস্থায় বহড়ু বিডিও অফিসে ঢোকে।অভিযোগ, সেখানে ঢুকে তাঁরা বিডিও অফিসের কর্মীদের গালিগালাজ করতে শুরু করেন।

এমনকি সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি জয়নগর এক নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাসকেও মদ্যপ অবস্থায় অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।পরিস্থিতি বেগতিক দেখে বিডিও শুভদীপ দাস জয়নগর থানায় খবর দেন।খবর পেয়ে জয়নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।ধৃতরা হলেন আমির আলি হালদার ও ফরিদ মণ্ডল। দুজনেরই বাড়ি জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের পদ্মেরহাট এলাকায়। বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, এর আগে ও ওই দুই যুবক মদ্যপ অবস্থায় একাধিকবার বিডিও অফিসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ।
শুক্রবারের ঘটনার পর বিডিও শুভদীপ দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।শনিবার ধৃত দুজনকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।সরকারি দফতরে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।










