উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃদ্ধার গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করলো বারুইপুর জেলা পুলিশের নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম তাপস সরদার। তাঁর বাড়ি বারুইপুর থানার সাহেবপাড়াএলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতশুক্রবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন মায়া দলপতি নামে এক বৃদ্ধা। অভিযোগ, তিনি নবশ্রী বাজারের দিকে যাওয়ার সময় আচমকাই এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই ফুটেজের সূত্র ধরেই অভিযুক্তের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া যায়।এরপর তদন্ত চালিয়ে তাপস সরদারকে চিহ্নিত করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন।
তাঁরদেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করাহয়েছে।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।








