নিজস্ব সংবাদদাতা, কৃষকসেতু: মৃত্যুর পরও যে একজন মানুষ চারটি পরিবারের জীবনে আশার আলো জ্বালাতে পারেন, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৩১ বছরের কৃষক অঙ্কেশ ভালভি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েও অঙ্গদানের মাধ্যমে চারজন অসুস্থ মানুষের বেঁচে থাকার নতুন সুযোগ করে দিলেন তিনি।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার পানসেমল এলাকার বাসিন্দা অঙ্কেশ ভালভি গত ২৮ অক্টোবর মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তাঁকে ব্রেন ডেড ঘোষণা করেন। এরপর শোকের মধ্যেও মানবিক সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার।
পরিবারের সম্মতিতে অঙ্কেশের হৃদপিণ্ড, লিভার এবং দুটি কিডনি দান করার ব্যবস্থা করা হয়। তাঁর দান করা অঙ্গের মাধ্যমে চারজন মুমূর্ষু রোগীর নতুন জীবন পাওয়ার সুযোগ তৈরি হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অঙ্কেশের হৃদপিণ্ড দ্রুত প্রতিস্থাপনের জন্য সুরাট থেকে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়।
একজন সাধারণ কৃষকের এই অসাধারণ আত্মত্যাগ সমাজের কাছে এক বড় বার্তা রেখে গেল। অঙ্কেশ আজ আর বেঁচে নেই, কিন্তু তাঁর দান করা অঙ্গের মাধ্যমে চারটি পরিবারের জীবনে ফিরে আসতে পারে নতুন আশা।
মৃত্যুর পরেও মানবতার সেবায় অমর হয়ে রইলেন অঙ্কেশ ভালভি। তাঁর এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সমাজ।









