
নিজস্ব সংবাদদাতা, কৃষকসেতু: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে। রায়না থানার অন্তর্গত গোপালপুর মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় শিশু-সহ প্রায় ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। গোপালপুর মোড়ের কাছে আচমকাই বাসটির পাতি ভেঙে যায়। এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পাল্টি খেয়ে যায় বাসটি। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে রায়না থানার ওসি, পুলিশকর্মী ও ট্রাফিক পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে রায়না থানার ওসি নিজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তৎপর হন। পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে আহত যাত্রীদের উদ্ধার এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হন তিনি। পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে দু-একজন শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। বাসের খালাসি গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
সাতসকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে বাসটির পাতি ভেঙে গেল এবং যান্ত্রিক ত্রুটিই দুর্ঘটনার মূল কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর রায়না থানার ওসি-র দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে।









