আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুখ্যমন্ত্রীকে গীতা উপহার ৯০ বছরের বৃদ্ধের, আবেগে চোখে জল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ : হাতে পবিত্র গীতা, পরনে গেরুয়া বসন। বয়স ৯০ বছর। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একবার সামনে থেকে দেখার জন্য। শুধু দেখাই নয়, তাঁর হাতে তুলে দিতে চেয়েছিলেন গীতা। অবশেষে পূরণ হল সেই ইচ্ছা। বৃদ্ধকে দেখে গাড়ি থামালেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তারক্ষীদের মাধ্যমে তাঁকে কাছে ডেকে নিলেন। মুখ্যমন্ত্রীর হাতে গীতা তুলে দেওয়ার মুহূর্তে আবেগে চোখের জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধ। শনিবার কাকদ্বীপে এই দৃশ্য ঘিরে তৈরি হয় আবেগঘন মুহূর্ত।প্রশাসনিক বৈঠক ও সভায় যোগ দিতে শনিবার কাকদ্বীপে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে একবার সামনে থেকে দেখার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন ৯০ বছর বয়সি জ্ঞানেন্দ্র সরকার। আট নম্বর এলাকা থেকে আসা ওই বৃদ্ধের হাতে ছিল একটি ব্যাগ। তার মধ্যেই রাখা ছিল পবিত্র গীতা।

মুখ্যমন্ত্রীর হাতে সেই গীতা তুলে দেওয়াই ছিল তাঁর একমাত্র ইচ্ছা।এদিন কাকদ্বীপের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে বৃদ্ধকে দেখতে পান মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে তাঁকে কাছে ডাকার ব্যবস্থা করেন তিনি। নিরাপত্তারক্ষীদের মাধ্যমে বৃদ্ধকে সামনে নিয়ে আসা হয়। এরপর মুখ্যমন্ত্রীর হাতে নিজের আনা গীতা তুলে দেন জ্ঞানেন্দ্র সরকার।বৃদ্ধের কাছ থেকে উপহার গ্রহণ করে গীতাটি কপালে ঠেকান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বৃদ্ধকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভালো থাকুন। আশীর্বাদ করুন।” মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি দেখা হওয়া এবং তাঁর হাতে গীতা তুলে দিতে পারার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখা এবং নিজের হাতে উপহার দেওয়ার এই অভিজ্ঞতা তাঁর কাছে যে কতটা বিশেষ, তা তাঁর আবেগেই স্পষ্ট হয়ে ওঠে।


এদিন কাকদ্বীপের রবীন্দ্র ভবনে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা, মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার, গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর এবং সাগরের বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল। রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এরপর আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।প্রশাসনিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও এক বৃদ্ধের আবেগ ও ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর কাছ থেকে গীতা গ্রহণ করার ঘটনাটি এদিন কাকদ্বীপে বিশেষভাবে নজর কাড়ে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি