দুর্গাপুর : ১৯ নম্বর জাতীয় সড়কে ফের গবাদি পশুর অবাধ বিচরণ! আর তার জেরেই দুর্ঘটনা। পিয়ালা কালীমন্দিরের কাছে আসানসোলগামী জাতীয় সড়কে গবাদি পশুর কারণে দুর্ঘটনার কবলে এক মোটরবাইক চালক। আহত বাইক চালকের নাম সঞ্জয় সাউ। তিনি বিরুডিহার বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সঞ্জয় সাউ। সেই সময় পিয়ালা কালীমন্দিরের কাছে জাতীয় সড়কে গবাদি পশুর কারণে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। খবর দেওয়া হয় দুর্গাপুর ট্রাফিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা। তাঁদের উদ্যোগে আহত সঞ্জয় সাউকে অ্যাম্বুল্যান্সে করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
১৯ নং জাতীয় সড়কে ব্যস্ত রাস্তায় গবাদি পশুর অবাধ বিচরণ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুতগতির যানবাহনের সামনে আচমকা গবাদি পশু চলে এলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে গবাদি পশুর অবাধ চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি ও উঠছে।









