গলসি, পূর্ব বর্ধমান: বর্ধমানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর অবৈধ মাদক ও বেআইনি চোলাই মদের কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশের পরই গলসি থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে আরও সক্রিয় হয়েছে। গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কৃপাসিন্দু ঘোষের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একাধিক বেআইনি চোলাই মদের ঠেক ভেঙে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় চোলাই মদ তৈরির বিভিন্ন আসর চিহ্নিত করে সেগুলি ধ্বংস করা হয়। পাশাপাশি মদ তৈরির সরঞ্জাম ও অন্যান্য উপকরণও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের এই ধারাবাহিক পদক্ষেপে বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে কড়া বার্তা গিয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেআইনি মদ ও নেশার কারণে বহু পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়ছিল। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সংসারে অশান্তি, মহিলাদের উপর অত্যাচার এবং পারিবারিক ভাঙনের মতো ঘটনাও বাড়ছিল।

গলসির বহু মহিলা পুলিশের এই অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের কথায়, “আগে অনেকেই মদ খেয়ে বাড়িতে এসে স্ত্রী ও পরিবারের উপর অত্যাচার চালাত। সংসার চালানোর টাকাও নেশায় শেষ হয়ে যেত। এখন পুলিশ যেভাবে একের পর এক মদের ঠেক ভেঙে দিচ্ছে, তাতে আমরা খুবই খুশি। গলসি থানার ওসি কৃপাসিন্দু ঘোষকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই।” স্থানীয়দের একাংশের মতে, গলসি থানার পুলিশের এই ধারাবাহিক ও সাহসী অভিযানের ফলে এলাকায় শান্তি ও নিরাপত্তার পরিবেশ ফিরতে শুরু করেছে। তাঁদের আশা, ভবিষ্যতেও একইভাবে বেআইনি মদ ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকলে সমাজ আরও নিরাপদ হবে।
এলাকাবাসীর মতে, শুধু অভিযানই নয়, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি এই বেআইনি ব্যবসার মূল চক্রের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তবে বর্তমান পরিস্থিতিতে গলসি থানার পুলিশের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে।






