উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কুলতলি থানার পুলিশ। ধৃতের নাম আজগার মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি কুলতলি থানার ৫ নম্বর মেরিগঞ্জ এলাকায়।পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর আসে, ৭ নম্বর মেরিগঞ্জ এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছে।

খবর পেয়েই কুলতলি থানার আইসি নির্মল দাসের নির্দেশে বিশেষ পুলিশ দল এলাকায় অভিযান চালায়।নির্দিষ্ট জায়গায় পৌঁছে সন্দেহভাজন আজগার মোল্লাকে আটক করা হয়।এরপর তল্লাশি চালাতেই পুলিশের হাতে আসে একটি লোডেড রিভলবার এবং দুই রাউন্ড তাজা কার্তুজ। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কেন তা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অস্ত্রের উৎস ও সম্ভাব্য চক্রের সন্ধানেও তদন্ত শুরু হয়েছে।শুক্রবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে এবং আগ্নেয়াস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আজগার মোল্লাকে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় কুলতলি থানার পুলিশ।











