উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সাধারণ মানুষের তৎপরতায় মোবাইল ফোন চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক।পরে তাকে জয়নগর থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন ব্যস্ত জয়নগর স্টেশন মোড়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুক্রবার জয়নগর স্টেশন মোড়ে যথেষ্ট ভিড় ছিল। সেই সুযোগে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে।এরপর তাঁরা ওই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন বলে জানা গিয়েছে।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জয়নগর থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ।
এরপর অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। শুক্রবারের ঘটনার পরশনিবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।উৎসবের দিনে জয়নগর স্টেশন মোড়ের মতো ব্যস্ত এলাকায় সাধারণ মানুষের তৎপরতায় মোবাইল চুরির অভিযোগে অভিযুক্তকে দ্রুত ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় স্থানীয়দের ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই।










