ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: কলকাতার লেক মার্কেটে দেশের অন্যতম বৃহৎ সংগঠিত তামাকমুক্ত পান ক্যাফে চেন মস্ত বানারসি পান তাদের প্রথম শাখা চালু করল। পরিবার-বান্ধব এই পান ক্যাফেতে থাকছে সম্পূর্ণ তামাকমুক্ত পান, পরিচ্ছন্ন পরিবেশ এবং ঐতিহ্যবাহী বানারসি স্বাদের পাশাপাশি নানা আধুনিক স্বাদের পান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী পি. এন. ঠাকুর এবং ফ্র্যাঞ্চাইজি অংশীদার বিনোদ কুমার লাখমানি ও মানভি লাখমানি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় আরও একাধিক শাখা খোলার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠাতা পি. এন. ঠাকুর বলেন, কলকাতা সংস্থার সম্প্রসারণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বাজার। গুণমান, পরিচ্ছন্নতা এবং প্রতিটি শাখায় একই স্বাদ ও পরিষেবা বজায় রাখাই তাঁদের প্রধান লক্ষ্য। ক্যাফেতে বসে পান খাওয়ার পাশাপাশি মিলবে অনলাইন বৃহৎ পরিমাণের অর্ডার ও পান পরিবেশন পরিষেবা। বিয়ে, পার্টি, কর্পোরেট অনুষ্ঠান এবং ব্যক্তিগত আয়োজনে এই পরিষেবা নেওয়া যাবে। ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির বর্তমানে ২০টিরও বেশি রাজ্যের ৩২০টিরও বেশি শহরে ৪০০টিরও বেশি শাখা রয়েছে। প্রতিদিন প্রায় এক লক্ষ পান বিক্রি করে সংস্থাটি। আগামী দুই বছরে শাখার সংখ্যা ৬০০-তে পৌঁছনোর লক্ষ্য নেওয়া হয়েছে।











