উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ডাকাতির আগেই এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ।শুক্রবার রাতে জয়নগর মজিলপুর পৌরসভার কয়ালপাড়া এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে শুক্রবার রাতে পুলিশ টিম এলাকায় টহল দিচ্ছিল।

সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে কয়ালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তা ও গতিবিধিতে অসঙ্গতি ধরা পড়ায় পরে তাকে গ্রেফতার করা হয়।ধৃতের নাম দীপক কুন্ডু।তাঁর বাড়ি জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চাঁপাতলা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান,ওই ব্যক্তি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তবে তাঁর সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না, কিংবা কোনও ডাকাতির পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জয়নগর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










