মন্তেশ্বর: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম প্রশান্ত দাস (২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রশান্তকে দেখতে পান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। এরপর দ্রুত তাকে উদ্ধার করে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কী কারণে ওই যুবক এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন কিংবা স্থানীয় বাসিন্দারা মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলতে পারেননি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোপালনগর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যুবকের অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।









