সুমন্ত দাস, কৃষকসেতু: শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজে দাপুটে জয় পেল ইন্ডিয়া ‘এ’ দল। ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ লঙ্কান বাহিনীকে রান পাহাড়ে চাপা দিয়ে ট্রফি নিজেদের করে নিল ভারতের তরুণ ব্রিগেড। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা ‘এ’। কিন্তু লঙ্কানদের সেই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে ক্রিজে নেমেই চার-ছক্কার বন্যা বইয়ে দেন ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই ওপেনার আজ মাত্র ১১ বলে লিস্ট-এ ক্রিকেটের দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন।

শেষ পর্যন্ত ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ৯৪ রানের একটি বিধ্বংসী টর্নেডো ইনিংস খেলে তিনি আউট হন। তার এই ঝোড়ো শুরুতেই ভারতের বিশাল স্কোরের ভিত তৈরি হয়ে যায়। সূর্যবংশীর বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক তিলক বর্মা। তিনি একটি দায়িত্বশীল ও অধিনায়কোচিত ৬৭ রানের ইনিংস খেলেন। এছাড়া রুতুরাজ গায়কোয়াড় করেন ৪০ রান। ইনিংসের শেষের দিকে অনুকূল রায়ের ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ক্যামিওর সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রানের বিশাল স্কোর খাড়া করে ভারত।
৩৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ভারতীয় পেসার যশ ঠাকুরের বোলিং তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৭৫ রানেই তারা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে দেন ভারতের বোলাররা। শেষ পর্যন্ত ৪৭.১ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল। ৬৬ রানে ম্যাচটি জিতে ট্রফি ঘরে তোলে ভারত ‘এ’।











