পশ্চিম মেদিনীপুর: টানা নিম্নচাপজনিত বৃষ্টির জেরে শিলাবতী নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদীর উপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো জলের তলায় তলিয়ে গেছে। এর ফলে নদীর দুই পাড়ের একাধিক গ্রামের মানুষের স্বাভাবিক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বাঁশের সাঁকোটিই ছিল স্কুল-কলেজের পড়ুয়া, নিত্যযাত্রী, কৃষক ও রোগীদের যাতায়াতের প্রধান ভরসা। সাঁকোটি ডুবে যাওয়ায় প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। অনেককে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, আবার অনেকে বাধ্য হয়ে নৌকার উপর নির্ভর করছেন, যা বর্ষার সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ।গ্রামবাসীদের দাবি, প্রতি বর্ষাতেই এই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর একই ভোগান্তি সহ্য করতে হচ্ছে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।











