উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : কনকনে শীতে জয়নগরে হয়ে গেল মেগা ফুটবল খেলা। ম্যাজিক বাস ফাউন্ডেশনের উদ্যোগে ফিফা ফাউন্ডেশনের সহায়তায় সোমবার জয়নগর বিধানসভার বকুলতলা থানার বকুলতলা ইয়ং ফাইটার্স ক্লাবের মাঠে হয়ে গেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫।এদিনের এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বালিকাদের অংশগ্রহণ বৃদ্ধি, খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব বিকাশ এবং জীবনদক্ষতা শিক্ষা প্রদান। ফুটবলকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে শিশুদের মধ্যে দলগত কাজ, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সহনশীলতা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সাহাবুদ্দিন শেখ, সমাজসেবী হারুন রসিদ মোল্লা, প্রাক্তন ভারতীয় ফুটবলার শৌভিক ঘোষ,পেশাদার ফুটবলার, ইস্ট বেঙ্গল এফসির শুভম সেন সহ আরো অনেকে। ম্যাজিক বাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ক্রীড়া ভিত্তিক জীবনদক্ষতা শিক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষা থেকে জীবিকার পথে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে চলেছে।
এই মেগা টুর্নামেন্টে স্থানীয় অভিভাবক, শিক্ষক, কমিউনিটি সদস্য ও প্রশাসনিক প্রতিনিধিদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছিল।এদিন আয়োজকরা বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া-ভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।












