উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : এবার কুলতলিতে ১৮জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক,তদন্তে পুলিশ, এলাকায় চাঞ্চল্য।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন মহিলা ও শিশু রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা কুলতলির গোদাবর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।তদন্তে জানা গেছে, দালালদের মাথাপিছু ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে তারা ভারতে এসেছিলেন। গত দুই থেকে তিন বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে।
এই অনুপ্রবেশের পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না এবং আর কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।












