আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের মুখে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব আরও স্পষ্ট: মন্ত্রী ঘনিষ্ঠতা ছেড়ে বিপক্ষ গোষ্ঠীর সঙ্গে হাঁটলেন ব্লক সভাপতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিধানসভা ভোটের প্রাক্কালে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে এল। দু’দিন আগে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে যে জল্পনা শুরু হয়েছিল, তা কার্যত বাস্তবে রূপ নিল। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত মেমারি ২ ব্লক তৃণমূলের সভাপতি হরিসাধন ঘোষ প্রকাশ্যে দলেরই বিপক্ষ গোষ্ঠীর নেতা, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মেদ হোসেন শেখের সঙ্গে কর্মসূচিতে অংশ নিলেন।

মন্তেশ্বরের তৃণমূল রাজনীতি দীর্ঘদিন ধরেই মন্ত্রী গোষ্ঠী ও পঞ্চায়েত সমিতির সভাপতি গোষ্ঠীতে আড়াআড়িভাবে বিভক্ত। একাধিকবার এই অন্তর্দ্বন্দ্ব ঘিরে এলাকায় অশান্তি, এমনকি নিজেদের মধ্যে মারপিটের অভিযোগ উঠে দলকে অস্বস্তিতে ফেলেছে। বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরোধ মেটাতে রাজ্য নেতৃত্বকেও বারবার হস্তক্ষেপ করতে হয়েছে, কিন্তু বাস্তবে সমীকরণ বদলায়নি। বরং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একাধিকবার প্রকাশ্যেই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছেন।

এই প্রেক্ষাপটে মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হরিসাধন ঘোষের অবস্থান বদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এতদিন মন্ত্রী এলাকায় যে কোনও কর্মসূচিতে তাঁর ছায়াসঙ্গী ছিলেন হরিসাধন। কিন্তু ভোটের আগে হঠাৎ করেই সেই সম্পর্কের ছেদ, দলের অন্দরে নতুন করে প্রশ্ন তুলেছে।

কেন এই গোষ্ঠী বদল—তা নিয়ে দলের কর্মী-সমর্থকদের মধ্যে যেমন কৌতূহল, তেমনই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। আসন্ন বিধানসভা নির্বাচনে দল কাকে টিকিট দেবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে। তবে মেমারি ২ ব্লক তৃণমূল সভাপতির এই ‘শিবির পরিবর্তন’-এ যে পঞ্চায়েত সমিতির সভাপতি গোষ্ঠী বাড়তি অক্সিজেন পেল, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরাও। ভোটের আগে এই প্রকাশ্য বিভাজন তৃণমূলের জন্য অস্বস্তি বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

See also  সন্দেহের জেরে ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি