উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নিমপীঠ : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এবং আই সি এ আরের পরিচালনায় ১ লা জুন থেকে ৩০ শে জুন ২০২৬ পর্যন্ত এক মাস ব্যাপী অনুষ্ঠিত ক্ষেত বাঁচাও অভিযানের জাতীয় সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয় হিসার- এ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।আর এই উপলক্ষে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি বিজ্ঞান কেন্দ্রে সুন্দরবনের কৃষকদের নিয়ে জাতীয় সমাপনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড: চন্দন কুমার মণ্ডল, জয়নগর ২নং ব্লকের সহ কৃষি অধিকর্তা ড: দেবাশিস সাহু, সামেটির আধিকারিক ড: স্বরূপ চৌধুরী,কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ড: দীপক রায়, ড:প্রবীর কুমার গড়াই, ড: সোমনাথ সরদার, ড: অরিত্র সরকার ও কুশল দাশগুপ্ত।কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড: চন্দন কুমার মণ্ডল বলেন,গত এক মাস ধরে ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে সুন্দরবন এলাকার বিভিন্ন ব্লকে কৃষকদের মধ্যে মাটির স্বাস্থ্য সংরক্ষণ, সুষম সার ব্যবহারের গুরুত্ব, প্রাকৃতিক কৃষি, জৈব ও জীবাণু সারের ব্যবহার এবং সুস্থিত কৃষি ব্যবস্থার প্রসারে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে প্রদর্শনী পরিচালনা করা হয়েছে।
কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এই কর্মসূচিকে সফল করেছে। ভবিষ্যতেও কৃষি বিজ্ঞান কেন্দ্র ও রাজ্য কৃষি দফতর বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি ও আধুনিক কৃষি জ্ঞান কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে নিরন্তর কাজ করে যাবে।তিনি আরও বলেন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং সুষম সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন শীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাই প্রতিটি কৃষককে মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ, জৈব উপাদানের ব্যবহার এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানান।এদিন উপস্থিত বিজ্ঞানীরা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা ও সুস্থিতকৃষি প্রযুক্তি গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল কৃষকদের কে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রস্তুত জীবাণুসার প্রদান করা হয়।











