খণ্ডঘোষ: বর্ষার দাপটে ফের ভয়ংকর রূপ ধারণ করেছে দামোদর নদ। খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমানা এলাকায় নদীভাঙন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। নদীর তীব্র স্রোতের চাপে ভেঙে পড়েছে বালির বস্তা ফেলে তৈরি করা অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রুখতে প্রশাসনের তরফে শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু বর্ষার জলে দামোদরের স্রোত বাড়তেই সেই বাঁধ মুহূর্তের মধ্যে ভেঙে যায়। এরপর থেকেই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক চাষের জমি। প্রতিদিনই নদী একটু একটু করে গ্রাস করছে বিস্তীর্ণ এলাকা।সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন গৈতানপুর চরমানা এলাকার কৃষক ও বাসিন্দারা।
তাঁদের আশঙ্কা, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আগামী দিনে কৃষিজমির পাশাপাশি বসতবাড়িও নদীগর্ভে বিলীন হতে পারে।স্থানীয়দের দাবি, অবিলম্বে সেচ দফতর ও প্রশাসন স্থায়ী নদী বাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। না হলে বর্ষার বাকি সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।











