কৃষ্ণ সাহা,রায়না:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উৎসবের আবহ রায়নাজুড়ে। নতুন বিধায়ককে সামনে রেখে বিজয় উৎসবে মেতে উঠলেন বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার বিকালে রায়না এক ব্লকের প্রাণকেন্দ্র শ্যামসুন্দরে বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়।

শ্যামসুন্দরের ডাক্তার ঢাল থেকে শুরু হওয়া মিছিল থানা মোড়, বিডিও অফিস হয়ে বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলকে ঘিরে ছিল উৎসবের আমেজ। বিজেপির পতাকা, বাদ্যযন্ত্র ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
রায়নার বিধায়ক সুভাষ পাত্র বলেন, “রায়নার মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, তার ফলেই আজ আমি বিধানসভায় পৌঁছতে পেরেছি। তাই এই বিজয় মিছিল থেকে এলাকার মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে। রায়নার মানুষ এতদিনে শান্তির ঠিকানা পেয়েছেন বলেই এই বিপুল জনসমর্থন দেখা যাচ্ছে।”তিনি আরও জানান, শ্যামসুন্দর এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। বিজেপির নেতৃত্বে নতুন আশার আলো দেখছেন এলাকার মানুষ বলেও দাবি করেন তিনি।













