বর্ধমান: বুধবার সকাল থেকেই বর্ধমান শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। সদরঘাট ব্রিজ, অর্থাৎ কৃষক সেতু হয়ে তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তা কার্যত স্তব্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষনের জন্য । অফিস টাইমে এই যানজটের জেরে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ, নিত্যযাত্রী ও অফিসযাত্রীরা। বুধবার সকালের ব্যস্ত সময়ে রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ধীরগতিতে চলতে থাকা যানবাহনের কারণে অনেক যাত্রীকে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হয়। বিশেষ করে কর্মস্থল, স্কুল-কলেজ ও অন্যান্য জরুরি কাজে বের হওয়া মানুষজন সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম সমস্যায় পড়েন।

নিত্যযাত্রী ও চাকরিজীবীদের অভিযোগ, অফিস টাইমে এই দীর্ঘ যানজট তাঁদের দৈনন্দিন যাতায়াতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে কর্মস্থলে পৌঁছান। যানজটের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি পরিষেবার যান চলাচল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথে সকাল থেকেই তীব্র যানজট তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচলতি মানুষজন। যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে।











