গতকালকের কালবৈশাখী ঝড় ও বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ইন্দাস ব্লকের বিরাশিমূল এলাকার ধান চাষীরা। প্রবল ঝড়-বৃষ্টিতে প্রায় পঞ্চাশ বিঘা জমির ধান সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এই সময় ধান কাটার মরশুম চলায় চাষীরা ইতিমধ্যেই ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আচমকা ঝড়-বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে চাষীদের এখন বেশি খরচ করে হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটতে হচ্ছে।
সাঁকরুল এলাকার কৃষক আব্দুল আলিম জানান, “ঝড়-বৃষ্টির ফলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। ধান জলের মধ্যে ডুবে থাকায় তার গুণমান নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে ধান বিক্রি করতে হবে। এখনও পর্যন্ত এক কাটা জমির ধানও বাড়িতে তুলতে পারিনি।”

অন্যদিকে, বিরাশিমুল গ্রামের আরেক ধান চাষী দিলীপ নাগ বলেন, “জলের নিচে থাকার কারণে ধানের মান খারাপ হয়ে যাবে, ফলে বাজারে দামও কম মিলবে। অনেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাষীদের বড় ক্ষতি হয়ে গেল। সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাহলে কিছুটা স্বস্তি মিলবে।”
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক সহায়তার দাবি উঠছে এলাকাজুড়ে।












