ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: হৃদ্যন্ত্রের জটিল ভালভের চিকিৎসায় কলকাতায় তৈরি হল নতুন নজির। অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে প্রখ্যাত স্ট্রাকচারাল হার্ট বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সুমন্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পরপর দু’টি জটিল ট্রান্সক্যাথেটার ট্রাইকাসপিড ভালভ রিপ্লেসমেন্ট সফল হয়েছে। হাসপাতালের দাবি, দেশে এই প্রথম এই ধরনের দু’টি চিকিৎসা পরপর সফল ভাবে সম্পন্ন হল। গুরুতর ট্রাইকাসপিড ভালভ রিগারজিটেশনে আক্রান্ত দুই বয়স্ক ও উচ্চ-ঝুঁকির রোগীর ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। শারীরিক নানা জটিলতার কারণে প্রচলিত হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার তাঁদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।

এই চিকিৎসায় বুক কেটে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। উরু বা ঘাড়ের শিরায় ছোট ছিদ্র করে সরু নল বা ক্যাথেটারের মাধ্যমে কৃত্রিম ভালভ হৃদ্যন্ত্রে পৌঁছে ক্ষতিগ্রস্ত ভালভের জায়গায় বসানো হয়। এর ফলে রক্তের পিছন দিকে প্রবাহ বন্ধ করা সম্ভব হয় এবং রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। দুই রোগীর ক্ষেত্রেই লাক্স-ভালভ প্লাস ব্যবস্থার সাহায্যে সফল ভাবে নতুন ভালভ বসানো হয়। চিকিৎসকদের দাবি, কোনও জটিলতা ছাড়াই তাঁদের ভালভের কার্যকারিতা স্বাভাবিক হয়েছে এবং রক্তের পিছন দিকে প্রবাহ বন্ধ হয়েছে। শ্বাসকষ্ট ও শরীরে জল জমার মতো উপসর্গেও দ্রুত উন্নতি দেখা যায়। নতুন এই চিকিৎসাপদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডা. মুখোপাধ্যায় জানান, উচ্চ-ঝুঁকির রোগীদের জন্য এই পদ্ধতি হৃদ্যন্ত্রের ভালভ চিকিৎসায় নতুন সম্ভাবনার দরজা খুলেছে।











