নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের সকালে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পর্যটক। পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী চার চাকার গাড়ি নয়ানজুলিতে উল্টে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় স্মরজিৎ দাস (৫৩) ও পিন্টু দাস (৪৫)-এর মৃত্যু হয়েছে। আহত বাকি তিনজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয়দের দাবি, টানা অতিবৃষ্টির কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে চণ্ডীপুর থানার পুলিশ।
স্বাধীনতা দিবসের সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











