পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেলডাঙ্গা মৌজায় দামোদর নদ সংলগ্ন এলাকায় ঘটল চমকপ্রদ ঘটনা। কয়েকদিনের বন্যায় দামোদরের নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পর সেই জলে এবার ধরা পড়ল তরতাজা ইলিশ মাছ।

স্থানীয় মৎস্যজীবী সনাতন সরকারের জালে ধরা পড়ে দুটি ইলিশ। তার মধ্যে একটি ইলিশের ওজন প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম বলে জানা গিয়েছে। প্রতিদিনের মতো শনিবার সকালেও দামোদর নদে জাল ফেলেছিলেন সনাতনবাবু। কিছুক্ষণ পর জাল তুলতেই উঠে আসে দুটি ইলিশ।
সনাতন সরকার জানান, একটি মাছ জাল থেকে ছাড়ানোর সময় অন্য ইলিশটি জাল থেকে পালিয়ে যায়। ফলে শেষ পর্যন্ত একটি ইলিশই তাঁর হাতে আসে।

দামোদর নদে দীর্ঘদিন পর ইলিশ ধরা পড়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় মৎস্যজীবী সনাতন সরকার। ঘটনাকে ঘিরে এলাকায়ও তৈরি হয়েছে কৌতূহল।











