উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : দুর্যোগের মধ্যেই মাঝ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক মৎস্যজীবীর। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মাতলা নদীতে। মৃতের নাম মনোরঞ্জন হালদার (৩৪)। তাঁর বাড়ি কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার কয়েকজন সঙ্গীর সঙ্গে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন মনোরঞ্জন। শুক্রবার মাতলা নদীতে মাছ ধরার সময় আচমকাই আবহাওয়া খারাপ হয়ে যায়। শুরু হয় দুর্যোগ। সেই সময় নদীর মাঝেই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে গুরুতর আহত হন মনোরঞ্জন।তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়নগর কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আর এই ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও গায়েনেরচক এলাকায়।
বর্ষার মরশুমে সুন্দরবনের নদ-নদীতে মাছ ধরতে গিয়ে বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েন মৎস্যজীবীরা। মনোরঞ্জনের মৃত্যুর ঘটনায় ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীতে মাছ ধরতে যাওয়ার ঝুঁকি এবং মৎস্যজীবীদের নিরাপত্তার বিষয়টি সামনে চলে এল।










