কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান: কর্তব্যের পাশাপাশি মানবিকতার নজির গড়লেন ট্রাফিকে কর্মরত টি.এইচ.জি সৌমেন সোম। রাস্তায় পড়ে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা কুড়িয়ে পেয়ে তা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকের হাতে তুলে দেন তিনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টাকার প্রকৃত মালিকের সন্ধান মেলে। সম্পূর্ণ টাকা ব্যবসায়ীর হাতে ফিরিয়ে দিল পলেমপুর পুলিশ ফাঁড়ি।ঘটনাটি গত ৫ আগস্ট সকালে পূর্ব বর্ধমানের সেহারাবাজার ট্রাফিক গার্ড অফিস সংলগ্ন এলাকায়।

ওইদিন কাজে যোগ দিতে আসার সময় রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান ট্রাফিকে কর্মরত টি.এইচ.জি সৌমেন সোম। ব্যাগের ভিতরে ছিল নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা। কোনও রকম লোভের বশবর্তী না হয়ে তিনি সঙ্গে সঙ্গে টাকা উদ্ধার করে পলেমপুর ফাঁড়ির ঊর্ধ্বতন আধিকারিকের কাছে জমা দেন।এদিকে, টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে মেমারীর দেবীপুর এলাকার এক ব্যবসায়ী পালসিট পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। জানা যায়, দেবীপুর থেকে দক্ষিণ দামোদর এলাকার একটি রাইস মিলে চাল কেনার জন্য যাওয়ার সময় তাঁর কাছে ওই টাকা ছিল। পথে রসুলপুর এলাকায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই টাকা হারিয়ে যেতে পারে বলে তাঁর প্রাথমিকভাবে ধারণা হয়।পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ।
তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়া ১ লক্ষ ৬০ হাজার টাকা ওই ব্যবসায়ীরই বলে নিশ্চিত হওয়ার পর পলেমপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে তাঁকে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া হয়।হারিয়ে যাওয়া সমস্ত টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই ব্যবসায়ী। পাশাপাশি, টি.এইচ.জি সৌমেন সোমের সততা এবং পলেমপুর পুলিশ ফাঁড়ির তৎপরতার প্রশংসা করেছেন তিনি।এই ঘটনায় ফের একবার পুলিশের কর্তব্যনিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত সামনে এল।











