ইন্দাস, ১৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর দিন ইন্দাসের সাহসপুর-রডের বেড় ঘোষ গ্রামের রাস্তার ধারে ঘটে গেল বাইক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পলিতে ধাক্কা মারে একটি বাইক। দুর্ঘটনায় বাইক চালক-সহ মোট দুইজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা।

দুর্ঘটনার বিষয়টি নজরে আসতেই তিনি দ্রুত গাড়ি থেকে নেমে আহত দুই ব্যক্তির কাছে পৌঁছন এবং তাঁদের উদ্ধারে উদ্যোগী হন। প্রাথমিকভাবে আহতদের মাথায় জল দিয়ে শুশ্রূষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি দ্রুত প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ইন্দাস ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের বাড়ি সাহসপুর এলাকায় এবং অপরজনের বাড়ি গোপালবেড়া গ্রামে। দুর্ঘটনার জেরে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিশ্বকর্মা পুজোর আনন্দের মধ্যেই এই দুর্ঘটনা সকলের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।











