কলকাতা: এক অন্যরকম উৎসব সংখ্যা নিয়ে হাজির হল ‘উদার আকাশ’। সাহিত্য-সংস্কৃতির এই পরিচিত পত্রিকাটি তাদের ২৫ বর্ষের ঈদ-শারদ সংখ্যাটি (১৪৩৩) উৎসর্গ করেছে এক গুরুত্বপূর্ণ বিষয়কে— ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান’।

সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অরুণাশিস গোস্বামী তাঁর নিজস্ব কার্যালয়ে এই বিশেষ সংখ্যাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ এদিন উপাচার্যের হাতে নতুন সংখ্যাটি তুলে দেন।
আইএসএসএন স্বীকৃত (2320-3498) এই পত্রিকার এবারের প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন মৌসুমী বিশ্বাস, অলংকরণে সারফুদ্দিন আহমেদ ও রাইসা নূর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর থেকে প্রকাশিত ১০০০ টাকা মূল্যের এই সংখ্যাটি ইতিমধ্যেই পাঠক মহলে আগ্রহ তৈরি করেছে।
কী থাকছে এবারের সংখ্যায়? মূল প্রবন্ধ বিভাগে ‘স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান’ নিয়ে কলম ধরেছেন খাজিম আহমেদ, রোকেয়া ইসলাম, সোনিয়া তাসনিম, তৈমুর খান, কেতকী মির্জা, শিবনাথ দাস সহ একাধিক গবেষক।
পাশাপাশি প্রতিবারের মতো এবারও রয়েছে নানা বিভাগ। রাজনীতি নিয়ে লিখেছেন মইনুল হাসান, রাজধর্ম নিয়ে দেবাশিস পাঠক, অর্থনীতি নিয়ে গৌতম পাল। এছাড়া নজরুল চর্চায় জয়ন্ত ঘোষাল, জীবনানন্দ চর্চায় দীপক সাহা ও রাকিবুজ্জামান মণ্ডল, আল মাহমুদ চর্চায় মোহাম্মদ শামসুল আলমের লেখা রয়েছে। শিক্ষা অধিকার, সহিষ্ণুতা, কবিতা, চলচ্চিত্র ও গ্রন্থ সমালোচনার মতো বিভাগগুলিও সমৃদ্ধ করেছে এবারের সংখ্যাকে।
এ প্রসঙ্গে সম্পাদক ফারুক আহমেদ বলেন, “এটা কেবল একটি পুজো বা ঈদ সংখ্যা নয়। আমরা চেয়েছি স্বাধীনতার যে ইতিহাসটা আড়ালে থেকে গেছে, তাকে সামনে আনতে। আমার বিশ্বাস, এই সংখ্যাটি একটি দলিল হয়ে থাকবে।”









