আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দেশাত্মবোধের বার্তা নিয়ে বুলচন্দ্রপুরে বর্ণাঢ্য তেরঙ্গা শোভাযাত্রা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা , রায়না :- পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের বুলচন্দ্রপুর এলাকায় দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তেরঙ্গা শোভাযাত্রা। কয়েকজন বিশিষ্ট সমাজসেবী, সমাজকর্মী ও শিক্ষানুরাগীর উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।বুলচন্দ্রপুর দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ছিল জাতীয় পতাকা। দেশাত্মবোধ ও জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা নিয়ে এগিয়ে চলে এই পদযাত্রা। শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অভিভাবকরাও। গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে ‘বন্দেমাতরম’, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় হিন্দ’ ধ্বনিতে। অনেকেই শঙ্খধ্বনি দিয়ে শোভাযাত্রাকে অভিনন্দন জানান।আয়োজকদের দাবি, বুলচন্দ্রপুর এলাকায় এই প্রথম জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া শহিদদের স্মরণ করা হয়। তাঁদের উদ্দেশ্যে নীরবতা পালন এবং শহিদ বেদীতে মাল্যদান করা হয়। পাশাপাশি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন ও দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান নিয়ে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ সুর, প্রাক্তন প্রাথমিক শিক্ষক কার্তিক চন্দ্র মালিক, প্রাক্তন শিক্ষক সরোজ কুমার দে, বেঙ্গাই কলেজের প্রাক্তন অধ্যাপক দিলীপ কুমার নন্দী, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ পাল, শিক্ষানুরাগী হরে কৃষ্ণ পাল, সমাজকর্মী অচিন্ত্যকুমার মালিক, বিদ্যাধর টুডু, স্বরূপ রায়-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ সুর বলেন, “স্বাধীনতা দিবস শুধু একটি সরকারি অনুষ্ঠান নয়, এটি আমাদের গর্ব ও আত্মত্যাগের ইতিহাসের সঙ্গে জড়িত। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে দেশাত্মবোধ, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। বুলচন্দ্রপুরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনেও এই ধরনের সামাজিক ও দেশাত্মবোধক কর্মসূচি আরও বড় আকারে করার চেষ্টা থাকবে।” বিদ্যুৎ সুরের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এলাকার সমাজসেবী, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের সহযোগিতায় সম্পূর্ণ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শোভাযাত্রাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

See also  তবে কি ছাঁদনাতলায় বসতে চলেছেন সোহিনী!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি