আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নন্দনে ‘শায়ক’-এর ৩০তম বর্ষপূর্তি উদযাপন, প্রকাশিত হল সুকান্ত শতবর্ষের বিশেষ গ্রন্থ ও বর্ষাবরণ সংখ্যা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতা : কলকাতার নন্দন চত্বরে অবস্থিত অবনীন্দ্র সভাগৃহে রবিবার সাহিত্যপত্র ‘শায়ক’-এর ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শায়ক’-এর অভিভাবিকা অধ্যাপিকা জয়শ্রী দেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পরিমল বসু। ৮৫ বছরের ঊর্ধ্বে এই দুই প্রবীণ শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে ‘শায়ক’-এর অনুপ্রেরণা ও পথপ্রদর্শক হিসেবে যুক্ত রয়েছেন।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত বিশেষ গ্রন্থের উদ্বোধন। পাশাপাশি প্রকাশিত হয় ‘শায়ক’-এর বর্ষাবরণ সংখ্যা। এছাড়াও ‘শায়ক’ পরিবারের সদস্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এদিন কয়েকজন কবির একক কাব্যগ্রন্থও প্রকাশিত হয়। তাঁদের মধ্যে ছিলেন কবি মনোজ কুমার ত্রিবেদী-সহ আরও একাধিক সাহিত্যিক। নতুন লেখকদের সাহিত্যজগতে পরিচিত করে তুলতে ‘শায়ক’-এর এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।


সভানেত্রী অধ্যাপিকা জয়শ্রী দেব তাঁর বক্তব্যে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যচর্চা ও সমাজচেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে অধ্যাপক পরিমল বসু লিটিল ম্যাগাজিন আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে নতুন চিন্তা, সৃজনশীলতা এবং বিকল্প সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি করতে লিটিল ম্যাগাজিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পাদক তাঁর বক্তব্যে কবি রাম বসু, সুকুমার দেব, অলোক ভৌমিক, শম্ভুনাথ চৌধুরী-সহ প্রয়াত ও প্রবীণ বহু সাহিত্যসাধকের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, তাঁদের উৎসাহ, সহযোগিতা ও দিকনির্দেশনাতেই আজ ‘শায়ক’ তিন দশকের সফল পথচলা সম্পূর্ণ করতে পেরেছে। পাশাপাশি তিনি কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বেশ কিছু অজানা তথ্যও উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন।


অনুষ্ঠানে উপস্থিত বহু কবি ও সাহিত্যিক নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন। শহরের পাশাপাশি গ্রামবাংলার নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের সৃষ্টিশীল প্রতিভা প্রকাশ ও প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ‘শায়ক’ যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, তা এদিনের অনুষ্ঠানেও স্পষ্ট হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ধমানের বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী। অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতা করেন সুরমান আলী মল্লিক।

See also  পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি