
পূর্ব বর্ধমান, কালনা: অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কালনা–১ ব্লকের আটঘরিয়া–সিমলন গ্রাম পঞ্চায়েত এলাকা। শুক্রবার তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলাদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্ষোভকারীরা প্রধানকে রাস্তার ধারে বসিয়ে তাঁর মাথায় একের পর এক ডিম ভেঙে প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করলেও বহু উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়নি। তাঁদের দাবি, পঞ্চায়েতের গাফিলতি ও প্রশাসনিক উদাসীনতার কারণেই বহু প্রকৃত উপভোক্তা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি পঞ্চায়েত পরিচালনা নিয়েও প্রধানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
অভিযোগ, শুক্রবার প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তী নিজের বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ মহিলারা তাঁকে ঘিরে ধরেন। প্রথমে বিক্ষোভ ও স্লোগান চলে। পরে তাঁকে রাস্তার ধারে বসিয়ে মাথায় ডিম ভেঙে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তী। তাঁর দাবি, “অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় বাসিন্দা আমার বাড়িতে এসে বিক্ষোভ দেখান এবং আমাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। গোটা বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি”।
ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।









