নববারাকপুর : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোমবার জনকল্যাণ শিবিরে ব্যপক সাড়া মিলল দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নববারাকপুরেও। সোমবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী গোটা রাজ্যের পাশাপাশি নববারাকপুর কৃষ্টি অডিটোরিয়ামে এবং ৭নং রেলগেট সংলগ্ন অঙ্গনা ভবনের দ্বিতলে সোমবার অনুষ্ঠিত হল এই জনকল্যাণ শিবির। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত তথ্য জানতে আবেদন জমা দিতে সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যায় শিবিরে। ছিল ব্যপক পুলিশ ও বাহিনীর জওয়ান রা।

বিভিন্ন বয়সের মানুষ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে ও প্রয়োজনীয় পরিষেবা গ্রহন করতে শিবিরে উপস্থিত হন। শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক রজনী কান্ত ঘোষ, ফিনান্স অফিসার বরুন সিকদার, ডিএমডিসি সন্দীপ ভট্টাচার্য, পুরসভার বড় বাবু দেব প্রসাদ রাহা সহ অন্যান্য আধিকারিকরা। এই শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে এবং সরাসরি পরিষেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষভাবে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, আয়ুষ্মান ভারত যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, সৌর বিদ্যুৎ সংযোগের আবেদন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, উজ্জ্বলা যোজনা, স্বনিধি যোজনা, কন্যাশ্রী, রূপশ্রী, জব কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ পরিচিত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির আবেদন, সুবিধা ও নামনথিভুক্তকরন সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।
এছাড়াও ব্লক প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিষয়েও শিবিরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। জানা গিয়েছে, ভবিষ্যতে সাধারণ মানুষ যাতে সোলার প্যানেলের সুবিধা গ্রহণ করতে পারেন, সেই বিষয়েও সচেতনতা ও তথ্য প্রদান করা হচ্ছে। এদিন নির্বাহী আধিকারিক, পুরসভার বড়ো বাবু খোদ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে খবর, আগামী ১৭জুন পর্যন্ত চলবে এই জনকল্যাণ শিবির, যেখানে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা এক ছাতার নিচে পেতে পারবেন।







