কলকাতার ময়দানে আচমকা বড়সড় চমক। মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই ক্লাব সচিব দেবাশিস দত্ত-র কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা চিঠিতে কুণাল ঘোষ জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, ক্লাব বা রাজনৈতিক দলের তরফ থেকে তাঁর উপর কোনো ধরনের চাপ ছিল না।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার মোহনবাগানের সহ-সভাপতি পদে দায়িত্ব পান কুণাল ঘোষ। পরে ২০২৫ সালে দ্বিতীয়বারের জন্যও ওই পদে মনোনীত হন তিনি। তাঁর উদ্যোগেই ক্লাবে আধুনিক ‘স্পোর্টস লাইব্রেরি’ তৈরির কাজ শুরু হয়েছিল বলে জানা যায়। তবে পদ ছাড়লেও ক্লাবের সঙ্গে আবেগের সম্পর্ক অটুট থাকবে বলেই জানিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেন, ছোটবেলা থেকেই তিনি সবুজ-মেরুন সমর্থক এবং ভবিষ্যতেও সাধারণ সদস্য ও সমর্থক হিসেবেই গ্যালারিতে থাকবেন। তাঁর এই আকস্মিক পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই কলকাতার ক্রীড়া ও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শুধুই ব্যক্তিগত কারণ, নাকি এর পিছনে অন্য কোনো সমীকরণ রয়েছে— তা নিয়েই চলছে নানা আলোচনা।







