বীরভূম: রাজ্য রাজনীতিতে হঠাৎই চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল-এর একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। যেখানে তাঁর গলায় শোনা গেল কার্যত সম্পূর্ণ ভিন্ন সুর—যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে,
প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণের পর তিনি প্রথমে ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস প্রায় ১৩০টি আসন পেতে পারে। তবে পরবর্তীতে তাঁর বক্তব্য—“এখন তো ১৫-১৬টা আসন পাবে কিনা সন্দেহ আছে”।
এখানেই থেমে থাকেননি তিনি। ভোটের হার নিয়েও বিস্ময় প্রকাশ করে বলেন,
“আমি বাপের জন্মে এই ধরনের ভোট দেখিনি, যেখানে ৯৭-৯৮ শতাংশ ভোট পড়েছে”।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজমাধ্যমে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিরোধী শিবির ইতিমধ্যেই এই মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানাতে শুরু করেছে।
ভারতীয় জনতা পার্টি-এর একাধিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে কটাক্ষ করেছেন। তাঁদের দাবি, তৃণমূলের ছোট থেকে বড়—সব স্তরের নেতারাই বুঝে গিয়েছেন যে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিদায় আসন্ন।
যদিও এই বিতর্কিত মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল কংগ্রেস বা বিজেপির শীর্ষ নেতৃত্ব। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
এই ভিডিও আদৌ সাম্প্রতিক কিনা, নাকি পুরনো কোনও প্রসঙ্গ—তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ভিডিওর সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত রাজনৈতিক চাপানউতোর যে থামবে না, তা বলাই বাহুল্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আবহে এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর প্রভাব পড়তে পারে জনমতেও। এখন দেখার, এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।












