উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর :ভাঙড়ের মানুষ কোনও দাগী আসামীকে চায় না, তাকেও ভোট দেবে না।শনিবার বারুইপুর মহকুমা শাসক অফিসে নমিনেশন জমা দিয়েই নাম না করে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লাকে কড়া ভাষায় আক্রমণ করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।

তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়াই অনেক কঠিন ছিল, তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তার কথায়,এবার লড়াই অনেক সহজ। পাশাপাশি ২০২১ সালে শওকত মোল্লার মন্তব্যের প্রসঙ্গ টেনে নওশাদ বলেন,সে সময় বলা হয়েছিল আমি জিতলে সার্টিফিকেট ছিঁড়ে ফেলা হবে। তবে আমি কোনও মানুষের নামে কুকুর পোষার রাজনীতি করতে চাই না।
লোকসভা নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগও তোলেন তিনি। নওশাদের দাবি, তৃণমূল ভোট চুরি করে মার্জিন বাড়িয়েছিল, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে সেই সুযোগ আর হবে না। দেউলি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লার গ্রেফতারি নিয়েও সরব হন আইএসএফ বিধায়ক। তার বক্তব্য,এদের জেলে রাখাই উচিত।
এরা জেলে থাকলে তবেই শান্তিপূর্ণ ভোট হবে।ভাঙড়ের মানুষের শান্তির বার্তা তুলে ধরে নওশাদ বলেন,এলাকার মানুষ অশান্তি চায় না। এবার চিরতরে অশান্তিমুক্ত হবে ভাঙড়।শওকত মোল্লাকে গুরুত্ব না দিয়ে তিনি স্পষ্ট করে দেন,তার লড়াই মূলত তৃণমূল নেত্রীর বিরুদ্ধে।একই সঙ্গে বিজেপিকেও নিশানা করে বলেন,বিজেপি একটি সাম্প্রদায়িক দল, তাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
আর তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল, তাদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। আইএসএফ এবার ৩০টি আসনেই জয়লাভ করবে।মানুষ তাদের পাশে আছে।







