শুক্রবার পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজির সমর্থনে কোলাঘাট কেটিপিপি ময়দানে জনসভা করলেন Abhishek Banerjee। এদিন তাঁর বক্তব্যে উন্নয়নের প্রতিশ্রুতি ও বিভিন্ন ইস্যুতে আক্রমণাত্মক সুর মিলিয়ে কোলাঘাটবাসীর মন জয় করেন তিনি।
সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পূর্ব পাঁশকুড়া বিধানসভায় তৃণমূলের জয় নিশ্চিত।

পাশাপাশি তিনি আশ্বাস দেন, আগামী দিনে কোলাঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।কোলাঘাট ও পাঁশকুড়া এলাকা মূলত ফুলচাষের জন্য পরিচিত। হাজার হাজার মানুষ এই চাষের উপর নির্ভরশীল হলেও দীর্ঘদিন ধরে একটি উন্নত হিমঘরের দাবি রয়েছে। হিমঘরের অভাবে অবিক্রিত ফুল নষ্ট হয়ে যায়, ফলে চাষি ও ব্যবসায়ীদের বড় ক্ষতির সম্মুখীন হতে হয়।
এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।এছাড়াও, নদীর পাড় বাঁধ মেরামতির দাবিও দীর্ঘদিনের। এই দুই গুরুত্বপূর্ণ সমস্যাকে আগামী সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখা হবে বলে জানান অভিষেক।
রাজনৈতিক বক্তব্যে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, “যতই লাফালাফি করুক, এবারে ওদের আসন সংখ্যা ৫০-এর মধ্যে বেঁধে রাখব”। তিনি আরও অভিযোগ করেন, বিজেপির কাছে ইডি, সিবিআই থাকলেও মানুষের সমর্থন নেই।
একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের প্রকল্প চালু করে দেখাতে হবে। আগামী দিনে তৃণমূল সরকার গঠিত হলে লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চালু রাখা, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া, প্রতি ব্লকে দুয়ারে স্বাস্থ্য শিবির এবং প্রবীণদের বার্ধক্য ভাতা দ্রুত নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
শেষে উন্নয়নের স্বার্থে তৃণমূল সরকারের পাশে থাকার আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।







