আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গাপুরে আদিবাসীদের অনির্দিষ্টকালের ধর্না, ভোট বয়কটের হুঁশিয়ারি—চাপ বাড়ছে রাজনৈতিক মহলে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, আদিবাসী স্কুলগুলির ভেঙে পড়া পরিকাঠামো, পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যাসহ একাধিক দাবিকে সামনে রেখে দিসম আদিবাসী গাওতা-র সদস্যরা দুর্গাপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্না কর্মসূচিতে সামিল হলেন।
দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সংলগ্ন ভগত সিং মাঠের কাছে শুরু হয়েছে এই আন্দোলন। ধর্নায় অংশ নিয়েছেন আদিবাসী সংগঠনের সদস্যদের পাশাপাশি আদিবাসী স্কুলের পড়ুয়ারাও।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে পানীয় জল, রাস্তাঘাট ও বাসস্থানের মতো মৌলিক সমস্যার সমাধান হয়নি। পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ও অযথা হেনস্থার অভিযোগও তুলেছেন তাঁরা। আরও অভিযোগ, আদিবাসীদের জন্য তৈরি স্কুলগুলিতে পর্যাপ্ত নিয়োগ হচ্ছে না, ফলে শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। তাঁদের কথায়, “ভোটের সময় নেতারা আসেন, ভোট মিটলেই আর দেখা যায় না।” এই ক্ষোভ থেকেই এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।

দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ভোটের মুখে আদিবাসী সমাজের এই আন্দোলন ঘিরে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে সব রাজনৈতিক দলের ওপর।

জেলা তৃণমূল নেতৃত্ব আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, অন্যদিকে বিজেপি জেলা নেতৃত্বও বিষয়টি নিয়ে সরব হয়েছে।
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীরা সোমবারের এই ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

See also  রায়না বিধানসভায় পদ্ম ফোটাতে প্রাক্তন কেন্দ্রীয় আমলা পরেশ দাসকে দায়িত্ব দিল বিজেপি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি