আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দিন-দুপুরে চাষির টাকা ছিনতাই মেমারিতে: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তোলা ১ লক্ষ ৭৮ হাজার নিয়ে চম্পট দুষ্কৃতীরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দিন-দুপুরে চাষির টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারিতে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টা নাগাদ মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে ঝিকরা কামারশাল স্টোর সংলগ্ন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতগেছিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে উপভোক্তা টাকা তুলে বাড়ি ফিরছিলেন সোমেশ্বর পাল ও মানিক চ্যাটার্জী। তাঁরা দু’জনে মোটরসাইকেলে করে মন্তেশ্বর–মেমারি রোড ধরে মন্তেশ্বর থানার অধীনে মধ্যমগ্রাম (মাঝের গ্রাম) এলাকায় নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথে ঝিকরা স্টোর সংলগ্ন কামারশালে কিছু কাজ সেরে মোটরসাইকেলে ওঠার সময়, বিপরীত দিক অর্থাৎ মন্তেশ্বরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই দুষ্কৃতী আচমকাই সোমেশ্বর পালকে টেনে হিঁচড়ে ফেলে দেয়। সেই সময় তাঁর হাতেই ব্যাঙ্ক থেকে তোলা টাকার ব্যাগটি ছিল বলে জানা যায়। ছিনতাইয়ের ধাক্কায় সোমেশ্বর পাল মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন।

দুষ্কৃতীরা দ্রুতগতিতে ব্যাঙ্ক থেকে তোলা মোট ১ লক্ষ ৭৮ হাজার টাকা, দুইজনেরই ব্যাঙ্কের পাসবই ও চেকবই সহ ব্যাগটি নিয়ে চম্পট দেয়। জানা গেছে, পুরো টাকাই ছিল ৫০০ টাকার নোটে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত সোমেশ্বর পালের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়।

এই ঘটনায় মেমারি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকা ও রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে মেমারি থানার পুলিশ। দিন-দুপুরে প্রকাশ্য রাস্তায় এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

See also  আজকের ( ০৮-০১-২০২২ ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি