রায়নায় বিধায়ক শম্পা ধারা র উদ্যোগে আয়োজিত মিনি সেবাশ্রয় শিবির তৃতীয় দিনে পৌঁছতেই মানুষের ঢল নামল। একই ছাদের তলায় সমস্ত রোগের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় এলাকার মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত হন এই স্বাস্থ্য শিবিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মূল সেবাশ্রয় কর্মসূচির আদলে রায়নায় চালু করা হয়েছে এই মিনি সেবাশ্রয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।
আয়োজকদের দাবি, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছিল। কিন্তু তৃতীয় দিনে সেই সংখ্যাকেও ছাপিয়ে যায় উপস্থিতি। প্রায় হাজারেরও বেশি মানুষ এদিন চিকিৎসা পরিষেবা নিতে আসেন। শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধ, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা এবং চশমা। সমস্ত রকম পরীক্ষার দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে রায়নার লাইভ লাইন ডায়াগনস্টিক সেন্টার। এছাড়াও উপস্থিত রয়েছেন একাধিক নামকরা বিশেষজ্ঞ চিকিৎসক।
এ প্রসঙ্গে বিধায়ক জানান, “এই উদ্যোগে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রতিদিন অসংখ্য মানুষের ফোন আসছে। রায়না দুই ব্লকের মানুষের সেবার জন্যই এই আয়োজন। খুব তাড়াতাড়ি আরও কয়েকটি এলাকায় মিনি সেবাশ্রয় করা হবে। আগামী দিনে প্রতি পঞ্চায়েত এলাকায় একদিন করে এই পরিষেবা চালু করার জন্য দলের সঙ্গে আলোচনা করব।” স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।








