তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে মদের আসর ও নাচ-গানের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূলের এক অঞ্চল সভাপতি। জনপ্রিয় হিন্দি গানের তালে— “হে চুমকি হে চুমকি তোকে আমি ভালবাসি রে…”—স্বল্প বসনা নৃত্যশিল্পীদের সঙ্গে বুগি-বুগি নাচে কোমর দোলানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লকের কুরকুবা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি তোজাম্মেল মল্লিক ওরফে রাজেশ মল্লিককে। ভিডিও ছড়িয়ে পড়তেই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা কৃষক সেতু নিউজ বাংলা কাগজের পক্ষ থেকে যাচাই করা হয়নি।
এই বিতর্ক প্রসঙ্গে তোজাম্মেল মল্লিক ওরফে রাজেশ মল্লিক জানান, ভিডিওটি তাঁর ব্যক্তিগত জীবনের একটি পারিবারিক অনুষ্ঠানের। তাঁর দাবি, এটি প্রায় ৩-৪ বছর আগেকার একটি পুরোনো ভিডিও, ভাইপোর বিয়ের অনুষ্ঠান চলাকালীন তোলা হয়েছিল। বর্তমান সময়ে সেই ভিডিও নতুন করে সামনে এনে দলকে বদনাম করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
রাজেশ মল্লিকের অভিযোগের তীর শুধু বিরোধী দলের দিকেই নয়। তিনি জানান, এই ভিডিও ভাইরাল করার পিছনে তাঁর নিজের দলের মধ্যেই একটি বিরুদ্ধ গোষ্ঠীর হাত থাকতে পারে। বিজেপির পাশাপাশি দলের অন্দরকোন্দলকেও তিনি দায়ী করেছেন। অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপি বর্ধমান জেলা কৃষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং গলসি বিধানসভার মিডিয়া ইনচার্জ রাজু পাত্র দাবি করেন, “কুরকুবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ মল্লিকের এই ধরনের কার্যকলাপ সমাজে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসুক বা না আসুক, তৃণমূলের একজন অঞ্চল সভাপতির এই আচরণ থেকে আগামী প্রজন্ম কী শিক্ষা নেবে, সেটাই বড় প্রশ্ন”।
সব মিলিয়ে, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চরমে। এটি ব্যক্তিগত অনুষ্ঠান না রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন—এই প্রশ্ন ঘিরেই এখন উত্তাল পূর্ব বর্ধমানের গলসি এলাকা।








