উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বাসন্তী : রাজ্যে পালাবদলের পর থেকে লাগাতার অভিযানে নেমেছে রাজ্য পুলিশ। সন্দেশখালি ও বাসন্তীতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এস টি এফ) লাগাতার অভিযানের জেরে ফের উদ্ধার বিপুলপরিমাণ অস্ত্র ও কার্তুজ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ধৃত রমজান মোল্লাকে সঙ্গে নিয়ে নতুন করে তল্লাশি চালায় তদন্ত কারীরা।

আর তাতেই উদ্ধার হয় ১২টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলি।জানা যায়, বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়েরো মোল্লার স্বামী রমজান মোল্লাই এই অস্ত্র কারবারের মূল চক্রী ছিলেন। তিনি শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ এবং ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও দাবি করেছে এসটিএফ।ধৃতকে জেরার পর বাসন্তী থানার গাববুনিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে,চড়াবিদ্যায় রমজানের বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে মেলে আরও ৫টি বন্দুক।জানা যায়, রমজান স্বীকার করেছে, পুকুর থেকে উদ্ধার হওয়া অস্ত্র শওকত মোল্লার অনুগামীরা তার কাছে রাখতে দিয়েছিল।সরবেড়িয়া, সন্দেশখালি,বাসন্তী ও জীবনতলা জুড়ে রমজানের নেতৃত্বেই এই অস্ত্রের নেটওয়ার্ক চলতো বলে দাবি পুলিশের। এলাকায় আরও অস্ত্র মজুত রয়েছে কি না, তা জানতে রমজানকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান জারি রেখেছে এসটিএফ।আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সুন্দরবন জুড়ে।









