সুমন্ত দাস, কৃষকসেত: ফুটবল বিশ্বে লিওনেল মেসির আরও একটি রেকর্ড নিজের করে নিলেন স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১০ম মিনিটেই ডানপ্রান্ত থেকে আসা মিকেল ওইয়ারসাবালের নিখুঁত ক্রস ধরে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্পেনের হয়ে গোল করেন তিনি।এই গোল করার মাধ্যমে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার ক্ষেত্রে লিওনেল মেসির রেকর্ডটি ভেঙে দিলেন ইয়ামাল।

গোল করার সময় স্প্যানিশ এই তারকার বয়স ছিল মাত্র ১৮ বছর ৩৪৩ দিন (১৮ বছর ১১ মাস ৮ দিন)। অন্যদিকে ২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে যখন মেসি গোল করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। অর্থাৎ, মেসির চেয়ে ঠিক ১৪ দিন কম বয়সে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোল পাওয়ার গৌরব অর্জন করলেন ইয়ামাল।মেসিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ফুটবল সম্রাট পেলের ৬৮ বছর পুরনো এক অনন্য কীর্তিও স্পর্শ করেছেন এই তরুণ।
১৯৫৮ বিশ্বকাপে পেলের পর ইয়ামালই বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় (১৮ বছর বা তার কম বয়সী), যিনি বিশ্বকাপের কোনো ম্যাচে নিজের দেশের হয়ে প্রথম গোলটি (Opening Goal) করলেন। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে তিনি এখন ৮ম কনিষ্ঠতম গোলদাতা।










