নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমানের বংশগোপাল টাউন হলের মাঠে অনুষ্ঠিত হল “দৌড় থেকে ধ্যান – যোগব্যায়ামের জন্য দৌড়” শীর্ষক বিশেষ কর্মসূচি।

রাজ্যের অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমানেও আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের নিয়ে প্রথমে প্রায় ৪৫ মিনিটের ধ্যান ও যোগব্যায়াম অনুষ্ঠিত হয়। এরপর আয়োজিত হয় ২ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, যেখানে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ জেলার অতিরিক্ত জেলাশাসকবৃন্দ এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে কর্মসূচির গুরুত্ব আরও বৃদ্ধি পায়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে সন্দীপন সরকার জানান, আয়োজকদের পাশাপাশি বর্ধমান শ্রী রামাশীষ হিন্দি হাই স্কুলের এনসিসি বিভাগ, বর্ধমান নেহেরু বিদ্যামন্দির হাই স্কুলের এনসিসি বিভাগ, বর্ধমান রাজ কলেজের এনএসএস বিভাগ, বড়শূল যোগা স্টুডিও এবং অঙ্কুশ যোগ প্রশিক্ষণ সংস্থার সদস্যরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, “বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম এবং ধ্যানের গুরুত্ব অপরিসীম। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
যোগব্যায়াম, ধ্যান এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সকলে।










