উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মৈপীঠ : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি।পুজোকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে রবিবার দুপুরে মৈপীঠ কোস্টাল থানা ভবনে মৈপীঠ কোস্টাল থানা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।মৈপীঠ কোস্টাল থানার উদ্যোগে আয়োজিত এই সভায় পুজো সংক্রান্ত বিভিন্ন সরকারি নির্দেশিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন মৈপীঠ কোস্টাল থানার ওসি জাহিদ মন্ডল,জয়নগর সিআই,জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রের সহ আধিকারিক,কুলতলি বিদ্যুৎ দফতরের সহ-আধিকারিক,কুলতলি বন দফতরের আধিকারিক, কুলতলি বিডিও বিভাগীয় আধিকারিক সহ প্রশাসন ও বিভিন্ন দফতরের আধিকারিকরা।এদিনের আলোচনা সভায় এবছরের দুর্গাপুজো উপলক্ষে সরকারি নির্দেশিকা কী রয়েছে এবং পুজো কমিটি গুলিকে কীভাবে সেইনির্দেশিকা মেনে চলতে হবে, তা নিয়ে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়।পুজোর মণ্ডপে অগ্নি নিরাপত্তা, বিদ্যুৎ সংযোগ, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।

এদিনের সভায় বিশেষভাবে ডিজে ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়।রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এবছর পুজোয় ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ বলে পুজো কমিটি গুলির সদস্যদের স্পষ্টভাবে জানানো হয়।জয়নগর সিআই ও মৈপীঠ কোস্টাল থানার ওসি পুজো কমিটি গুলিকে সরকারি নির্দেশ মেনে চলার পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা করার আহ্বান জানান।মৈপীঠ কোস্টাল থানা এলাকার নতুন ও পুরনো মিলিয়ে ৫০ টি পুজো কমিটির সদস্য এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটি গুলিকে নিয়ম মেনে উৎসব পরিচালনার পাশাপাশি কোনও সমস্যা হলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।পুজোর আগে প্রশাসন ওপুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় আর ও দৃঢ় করতেই এই আলোচনা সভার আয়োজন বলে জানা গিয়েছে।











