বেশ জমে উঠেছে বিগবস বাংলা সিজন ৩। প্রতিদিনই নতুন নতুন নাটকীয় পরিস্থিতি। আর তা নিয়েই জমে উঠেছে বিগবস। রাজীব দের মন্তব্য নিয়ে বিগ বসের অন্দরে রীতিমতো ঝড় উঠেছে। শুধু বিগ বসের ঘরেই নয়, সোশাল মিডিয়াতেও এখন এই নিয়ে তুমুল চর্চা চলছে। বৃহস্পতিবারের পর্বে দেখা গিয়েছে এক অন্য চিত্র। ঝিলম ঘর পরিষ্কার করছিলেন। সেই সময় তাঁর সঙ্গে কথা বলছিলেন জীতু। সেখানে হাজির হন রাজবীর।

কিন্তু ঝিলমের সঙ্গে কথা বলার সময় তিনি বারবার ভুল বাংলা বলছিলেন। এতেই চরম বিরক্ত হন ঝিলম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগে ভাল করে বাংলা ভাষাটা শিখে আসতে। এরপরই দুজনের মধ্যে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। রাজবীর বোঝানোর চেষ্টা করেন যে, তিনি পাঁচ বছর মুম্বইয়ে কাটিয়েছেন। সেই কারণেই তাঁর বাংলা বলাটা অতটাও স্পষ্ট নয়। তবে তিনি বাংলা বলার চেষ্টাও করছেন। কিন্তু ঝিলম সেই কথায় কোনও গুরুত্বই দেননি। এরপরই হঠাৎ নিজের মেজাজ হারান রাজবীর।
তিনি সোজাসুজি বলে বসেন, তিনি বাংলায় আটকে থাকতে চাননি বলেই বাইরে কাজ করতে গিয়েছিলেন। আর যাঁরা সেটা করতে পারেননি, তাঁরা সবাই নাকি ‘পুকুরের মাছ’! আর তিনি নিজে হলেন সমুদ্রের তিমি। ব্যাস, এই কথা শোনার পরেই যেন আগুনে ঘি পড়ে। রাজবীরের এমন মন্তব্য শুনে রেগে আগুন হয়ে যান তনুশ্রী। তাঁর সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয় সৃজলা এবং সোনামণিরও। বাদ যাননি জীতুও। তিনিও রাজবীরকে বেশ কড়া কথা শুনিয়ে দেন। সব মিলিয়ে বিগ বসের ঘরে তখন রীতিমতো কুরুক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়।











