নিজস্ব সংবাদদাতা, রায়না:- দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে রাস্তার অভাবে চরম দুর্ভোগের শিকার পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের মুগড়া গ্রাম পঞ্চায়েতের আনগুনা গ্রামের বাসিন্দারা। গ্রামে মানুষ বসবাস করলেও আজ পর্যন্ত একটি উপযুক্ত রাস্তা তৈরি না হওয়ায় বর্ষাকালে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, বামফ্রন্টের ৩৫ বছরের শাসনকাল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকাল— একাধিক নেতা এলাকায় এসে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনও কাজ হয়নি। ফলে বছরের পর বছর দুর্ভোগই সঙ্গী হয়েছে গ্রামবাসীদের।

বর্ষার সময় কাঁচা রাস্তা সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অসুস্থ রোগী, অন্তঃসত্ত্বা মহিলা কিংবা জরুরি প্রয়োজনে মানুষকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে নৌকার সাহায্য নিতে হয়। কয়েক মাস ধরে কার্যত স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে এই রাস্তা নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনের পর রায়নার এই অঞ্চলটি বর্তমানে জামালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায় বিধায়ক অরুণ হালদার এলাকাটি পরিদর্শন করেন।
শনিবার রায়না ১ ব্লকের বিডিও শুভাশীষ রায় আনগুনা গ্রাম পরিদর্শনে যান এবং রাস্তা নির্মাণের প্রাথমিক কাজের সূচনা করেন। প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা দেখছেন গ্রামবাসীরা। এ প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি শুভঙ্কর মালিক বলেন, “বিডিওকে আমরা দ্রুত রাস্তার কাজ শুরু করার অনুরোধ করেছি। প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। খুব শীঘ্রই নতুন রাস্তা নির্মাণ হবে বলে আশা করছি।” দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আনগুনা গ্রামের মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।








