আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৫০ লক্ষ টাকার দাবি, আটক করে মারধর ও প্রাণনাশের হুমকি! বিষ খেয়ে আত্মঘাতী তৃণমূল নেতা, বিজেপির একাধিক কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

krishna Saha

Published :

bjp
WhatsApp Channel Join Now

৫০ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ, জোর পূর্বক আটক করে নিয়ে গিয়ে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি— একের পর এক অভিযোগের জেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন এক তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার জাগাদাবাদ-পাঁচকুলা এলাকায়। জানা গেছে,মৃত তৃণমূল নেতার নাম স্বরূপ রানা (৪৬)।


পরিবারের অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মীর লাগাতার হুমকি, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন স্বরূপ রানা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মৃতের ভাই এর অভিযোগ, কয়েকদিন আগে শ্যামল হাজরা, লক্ষ্মীরাম হাসদা, কানাই খাঁ, গদা প্রামাণিক, অজয় খাঁ, বিশ্বনাথ ঘোষ, প্রভাকর ঘোষ, সুশান্ত ঘোষ, ছন হাসদা-সহ আরও কয়েকজন তাদের বাড়িতে আসে। সেই সময় বাড়িতে ছিলেন স্বরূপ রানা, তাঁর স্ত্রী এবং নাবালিকা কন্যা। অভিযোগ, কোনও কারণ ছাড়াই অভিযুক্তরা বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং স্বরূপ রানা প্রতিবাদ করতেই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরিবারের নিরাপত্তার কথা ভেবে সেই সময় তিনি বিষয়টি এড়িয়ে যান।


অভিযোগ আরও, গত ২২ জুন লক্ষ্মীরাম হাসদা পুনরায় ফোন করে স্বরূপ রানাকে হুমকি দেয়। এরপর ওই দিন রাত প্রায় আটটা নাগাদ হাজরাপাড়ার একটি আড়তে ডেকে পাঠানো হয় তাঁকে। পরিবারের দাবি, সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি কিল, চড় ও ঘুষি মারে। শুধু তাই নয়, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে জোরপূর্বক একটি কাগজে লিখিয়ে ও স্বাক্ষর করিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। পরিবারের দাবি, ওই লিখিত কাগজে স্বরূপ রানার কাছ থেকে এমন একটি মুচলেকা নেওয়া হয় যাতে উল্লেখ ছিল, সাত দিনের মধ্যে টাকা না দিলে তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যাকে কুপিয়ে হত্যা করা হবে। এই ঘটনার পর থেকেই স্বরূপ রানা চরম মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের সদস্যদের দাবি।

See also  উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি! ৫টি আসনের মধ্যে ৪টিতেই পরাজয়, গুজরাটেও হাতছাড়া একটি আসন


অবশেষে গত ২৩ জুন অর্থাৎ মঙ্গলবার দিনের বেলায় বিষ পান করেন স্বরূপ রানা। পরিবারের সদস্যরা জানতে পেরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবার সরাসরি একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, মারধর, হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ তুলেছে। মৃতার স্ত্রী বিচার চেয়ে সরব হয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।


অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির মুখপাত্র ডক্টর শান্তরূপ দে বলেন, “ভারতীয় জনতা পার্টির কোনও কর্মী বা নেতা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন না। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তৃণমূলেরই অনুগামী বা গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে জড়িত হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির নাম জড়ানো হচ্ছে। তবে যদি বিজেপির কোনও ব্যক্তি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে দল এবং প্রশাসন কোনও রং না দেখে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে”। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার নেপথ্যে সত্যিই হুমকি ও নির্যাতনের অভিযোগ রয়েছে কিনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি