আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সবং ও আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গত বুধবার মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত মন্ত্রী ও বিধায়কদের নির্দেশ দিয়েছেন, প্রত্যেককে নিজের এলাকায় গিয়ে সমস্ত পরিস্থিতির উপর নজর দিতে হবে। প্রয়োজনীয় সাহায্য করতে হবে। জানা যাচ্ছে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং ও হুগলির আরামবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ঝাড়গ্রাম ও বাঁকুড়া সফরে যাবেন তিনি। সেখানে যাওয়ার পথে সবং ও আরামবাগের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন শুভেন্দু। অতিবৃষ্টির ও ডিভিসির ছাড়া জলে বন্যার ভ্রুকুটি আরামবাগ মহকুমায়। অতিবৃষ্টির জেরে ফুঁসছে দ্বারকেশ্বর নদী।

এর পাশাপাশি ডিভিসির ছাড়া জলে ক্রমশ বাড়ছে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর জলস্তর। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে আরামবাগের সালেপুর পঞ্চায়েত এলাকায়। জল বইছে গ্রামের তিনটি রাস্তার উপর দিয়ে। এর জেরে গৃহবন্দি সালেপুরের পশ্চিমপাড়ার শতাধিক পরিবার। দ্বারকেশ্বর শাখা খালের জল উপচে রাস্তার পাশাপাশি কৃষিজমিগুলিও জলমগ্ন। গ্রামের ভিতরে জল না ঢুকলেও পশ্চিমপাড়া যাওয়ার তিনটি রাস্তাতেই জলের স্রোত বইছে। কোথাও কোমর সমান, কোথাও বুক সমান জল পেরিয়েই চলছে যাতায়াত।

খবর পেয়ে বুধবার দুপুরে এলাকা পরিদর্শনে যান আরামবাগের মহকুমাশাসক রবি কুমার ও বিধায়ক হেমন্ত বাগ-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এলাকায় ত্রিপল বিতরণ করা হয়। এলাকায় একটি ফ্লাড শেল্টার খোলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখতে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আরামবাগের জন্য কন্ট্রোল রুমের নম্বর – ৯৪৭৬১৩৩৪০৪। এখনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হলেও ডিভিসি জল ছাড়লে ও বৃষ্টি হলে জলস্তর আরও বাড়বে। এর ফলে আতঙ্কিত আরামবাগ ও খানাকুলের মানুষ। এরই মাঝে আরামবাগের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী এলাকায় যাচ্ছেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি