ভুট্টার জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, গলা কেটে খুনের অভিযোগে চাঞ্চল্য গোয়ালপোখরে

ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায়। মৃতের নাম শ্রীপতি বনিক (৬৫)। তাঁর বাড়ি হাট ডুবকল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা একটি ভুট্টার জমির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবারের সদস্যরা।
পরিবার ও স্থানীয়দের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, বুধবার রাতে তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার সকালে নিজের জমির পাশের ভুট্টার খেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, এই ঘটনার সূত্র ধরে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।










